বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : করিডাং (এসটি) বিধানসভা আসনের উপনির্বাচন বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মোট ৩০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সামগ্রিক ভোটের হার দাঁড়িয়েছে ৮২.২১ শতাংশ। একক আসনের জন্য এটি ছিল নিরাপত্তা বাহিনীর “সর্বোচ্চ মোতায়েনের অন্যতম” বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
ভোটগ্রহণের দিনটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল বলে জানানো হয়েছে। ভোটের আগে এলাকায় অশান্তির ঘটনা, এমনকি প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগ থাকলেও ভোটের দিন কোনও ধরনের হিংসার ঘটনা ঘটেনি।
সরকারি তথ্য অনুযায়ী, ইভিএমের মাধ্যমে মোট ১৮,০৪৫টি ভোট পড়েছে। পাশাপাশি ২৫৩টি পোস্টাল ব্যালট এবং প্রতিবন্ধী (PwD) শ্রেণিতে ১৮টি ভোট পড়ে। সব মিলিয়ে মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৩১৬। উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ২২ হাজারেরও বেশি।



