কাল রাজ্যে ২,৫০,৫৪,৪৬৩ জন ভোটার ৭২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন

Spread the news

পিএনসি, গুয়াহাটি। 
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : বৃহস্পতিবার রাজ্যের ১২৬টি আসনে মোট ২,৫০,৫৪,৪৬৩ জন ভোটার ৭২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও সুরক্ষিতভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা, ব্যয় ইত্যাদি সমস্ত দিক পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। এছাড়াও, পদ্ধতিগত ভোটার শিক্ষা ও ভোটার অংশগ্রহণ (SVEEP)-এর মাধ্যমে সকল নাগরিককে ভোটদানে আকৃষ্ট করতে বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হচ্ছে।

কার্যকর পর্যবেক্ষণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আসামের মুখ্য নির্বাচন অফিসার ভোটগ্রহণ পর্যবেক্ষণ প্রক্রিয়ায় ওয়েবকাস্টিং অন্তর্ভুক্ত করেছেন। রাজ্যের ৩১,৪৯০টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ওয়েবকাস্টিং পরিচালিত হবে। এর মধ্যে ৩১,৪৮৬টি প্রধান ভোটকেন্দ্র এবং চারটি সহায়ক ভোটকেন্দ্র রয়েছে। জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, মুখ্য নির্বাচন অফিসারের কার্যালয় এবং নির্বাচন কমিশন কার্যালয় থেকে ওয়েবকাস্টিং ব্যবস্থার মাধ্যমে সরাসরি ভোটকেন্দ্রগুলিতে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। ভোটকেন্দ্রগুলির নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর দলও মোতায়েন করা হয়েছে।

প্রতিটি ভোটকেন্দ্রে পানীয় জল, বিশ্রামাগার, শৌচাগার এবং প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ারসহ ন্যূনতম সুবিধার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, ভোটারদের লাইনের পাশে বেঞ্চের ব্যবস্থা থাকবে এবং মোবাইল ফোন রাখার ব্যবস্থা করা হয়েছে।

এই নির্বাচনের জন্য মোট ১,৫১,১৩২ জন পোলিং অফিসার মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণের জন্য ৪১,৩২০টি ব্যালট ইউনিট, ৪৩,৯৭৫টি কন্ট্রোল ইউনিট এবং ৪৩,৯৯৭টি ভিভিপ্যাট মেশিন স্থাপন করা হয়েছে। এর মধ্যে জরুরি ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট মেশিন অন্তর্ভুক্ত রয়েছে। প্রয়োজনে পোলিং অফিসারও মোতায়েন করা হয়েছে।

সাধারণ নির্বাচনে যে ভোটার তাদের ভোটাধিকার ২,৫০,৫৪,৪৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর মধ্যে রয়েছেন ১,২৫,৩১,৫৫২ জন পুরুষ, ১,২৫,২২,৫৯৩ জন মহিলা এবং ৩১৮ জন অন্যান্য ভোটার। এছাড়াও রয়েছেন ৬৩,৪২৩ জন সার্ভিস ভোটার। এই নির্বাচনে ১৮-১৯ বছর বয়সী ৬,৪২,৩১৪ জন, ৮০ বছরের বেশি বয়সী ২,৫০,০০৬ জন এবং প্রতিবন্ধী ২,০৫,০৮৫ জন ভোটার ভোট দেবেন।

এছাড়াও, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৬০(গ) ধারায় ৮৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং ভোটার তালিকায় চিহ্নিত প্রতিবন্ধী ভোটারদের জন্য বাড়ি থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ঐচ্ছিক সুবিধা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। রাজ্যে এ পর্যন্ত ৮৫ বছরের বেশি বয়সী মোট ২৬,০৩২ জন প্রবীণ নাগরিক এবং ৮,৩৭৩ জন প্রতিবন্ধী ভোটার ডাকযোগে ব্যালটের মাধ্যমে নিজ নিজ বাড়ি থেকে ভোটাধিকার  প্রয়োগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *