নির্বিঘ্ন ভোটদান নিশ্চিত করা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক কর্তব্য

Spread the news

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল, সোমবার,
গামী ৯ এপ্রিল রাজ্যজুড়ে এক দফায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। গণতন্ত্রের এই মহোৎসব কেবল রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র নয়, বরং সাধারণ মানুষের অধিকার ও দায়িত্ব পালনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তাই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটদান নিশ্চিত করা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক কর্তব্য।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেক ভোটারকে নির্দিষ্ট প্রমাণপত্র সঙ্গে নিয়ে বুথে উপস্থিত হতে হবে। ভোটদান শেষে অযথা বুথের ভেতরে বা বাইরে অবস্থান না করে দ্রুত বাড়ি ফিরে আসাই বাঞ্ছনীয়। ভোটকে কেন্দ্র করে উত্তেজনা বা কোনও প্রার্থীর পক্ষ নিয়ে বিবাদে জড়ানো কখনোই কাম্য নয়, এতে ব্যক্তিগত ও সামাজিক উভয় ক্ষেত্রেই অশান্তি সৃষ্টি হতে পারে।

এবারের নির্বাচনে ১২৬টি আসনে মোট ৭২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিকভাবে ৮১৫ জন মনোনয়নপত্র জমা দিলেও যাচাইয়ের পর ৭৮৯ জনকে যোগ্য ঘোষণা করা হয় এবং পরবর্তীতে ৬৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

নির্বাচনী লড়াইয়ে রয়েছে বিজেপি, কংগ্রেস, এজিপি, এআইইউডিএফ, আপ, রাইজর দল, অসম জাতীয় পরিষদ, তৃণমূল কংগ্রেস, এসইউসিআই (সি) সহ একাধিক আঞ্চলিক ও ছোট দল, পাশাপাশি বহু নির্দল প্রার্থীও।

তবে রাজনৈতিক প্রতিযোগিতা যেন কখনোই সামাজিক সম্প্রীতি নষ্ট না করে, এই বিষয়টি বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। ভোট শুধুমাত্র একটি অধিকার নয়, এটি একটি দায়িত্বও। তাই কোনও প্রলোভন, ভয়ভীতি বা গুজবে প্রভাবিত না হয়ে নিজের বিবেক ও বিচারবুদ্ধি অনুযায়ী ভোট প্রদান করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *