বরাক তরঙ্গ, ৩০ মার্চ : গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক দীপজ্যোতি ডেকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, এক মেডিক্যাল শিক্ষার্থী এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ সামনে আসার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। পরবর্তীতে অভ্যন্তরীণ কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। স্বাস্থ্য বিভাগের সচিব অভিযুক্ত চিকিৎসকের বরখাস্তের নির্দেশ দেন।
এই ঘটনার জেরে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে এবং আরও দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এনদিকে, এর আগেও GMCH-এর অধ্যক্ষের বিরুদ্ধেও যৌন নির্যাতনের অভিযোগ উঠে। যৌন নির্যাতন, ক্ষমতার অপব্যবহার এবং প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রধানমন্ত্রীর দফতর (PMO)-এ পৌঁছানোর পর বিষয়টি আরও গুরুত্ব পায়। এর পরিপ্রেক্ষিতে অসম সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে, যার মধ্যে অভিযুক্তকে বরখাস্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত।
রাজ্যের নারী ও শিশু উন্নয়ন দপ্তরের এক সরকারি নথি অনুযায়ী, অভিযোগটি যৌন হয়রানি প্রতিরোধ আইন (POSH Act)-এর আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মেডিক্যাল শিক্ষা ও গবেষণা দপ্তরে পাঠানো হয়েছে। ২৩ মার্চ দিসপুরের জনতা ভবন থেকে এক উপসচিব এই সংক্রান্ত চিঠি জারি করেন। চিঠিতে কেন্দ্রীয় জনঅভিযোগ নিষ্পত্তি ও পর্যবেক্ষণ ব্যবস্থা (CPGRAMS)-এর মাধ্যমে দায়ের হওয়া একটি অভিযোগের উল্লেখ রয়েছে, যা প্রধানমন্ত্রীর দফতরে প্রেরিত হয়েছিল।



