বরাক তরঙ্গ, ২১ মার্চ : মহানগরে দিনদুপুরে ঘটে গেল এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা, যা ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলাকে পিস্তল দেখিয়ে তার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।
পুলিশ সূত্রে জানা গেছে, উজান বাজারের বারোয়ারি মন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। প্রায় ৫০ ঊর্ধ্ব ভুক্তভোগী মহিলার গলা থেকে জোর করে চেইন খুলে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে অভিযুক্ত।

ভুক্তভোগীর নাম ভানু নাথ। তিনি স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে চাংসারি থেকে মেয়ের বাড়িতে এসেছিলেন বলে জানা গেছে।
মহিলার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি লাল টি-শার্ট পরিহিত ছিল এবং তার হাতে একটি পিস্তল ছিল, যা দেখিয়ে তাকে ভয় দেখিয়ে এই ছিনতাই চালানো হয়।

ঘটনার পর ভানু নাথ লতাশিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীকে ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।



