বরাক তরঙ্গ, ২১ মার্চ : আজ শনিবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। এর অঙ্গ হিসেবে বরাকেও পালিত হচ্ছে খুশির ঈদ। বরাকের বিভিন্ন ঈদগাহে হাজার হাজার মুসল্লি ঈদের দু’রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশেষ প্রার্থনা করেন। একই ভাবে সোনাবাড়িঘাট আলহাজ নুরুল হক চৌধুরী ঈদগাহে হাজার দেড়েক মুসল্লি নামাজ পড়েন। নামাজ পাঠ করেন মওলানা সাহিদ আহমদ লস্কর। নামাজ শেষে তিনি ভারতের জাত-পাত ধর্ম নির্বিশেষে সর্বশ্রেণির মানুষের সুখ শান্তির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন। এ ছাড়া মুসলিম বিশ্বে বর্তমান পরিস্থিতি শান্ত করারও দোয়া করেন।
নামাজ শুরু হওয়ার আগে তিনি রোজা, ফিৎরা সহ ইসলামের নানা দিক তুলে প্রাঞ্জল ভাষায় বয়ান পেশ করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, দীর্ঘ একমাসের সিয়াম সাধনার পর আনন্দে মশগুল আবাল-বৃদ্ধ-বনিতা। শিশুরা নয়া পোশাক পরিদান করে বাজারে বেরিয়ে কেনা-কাটা ও খাওয়া-দাওয়া ব্যস্ত হয়ে উঠেছে। সব মিলিয়ে আনন্দমুখর পরিবেশ সোনাবাড়িঘাট বাজার এলাকায়।






