সীমান্ত পেরিয়ে গরু চুরির চেষ্টা, আদমটিলায় জনতার হাতে ধৃত বাংলাদেশি যুবক; নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে বিএসএফ

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ জুন: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আদমটিলা বাগান এলাকায় গরু চুরির উদ্দেশ্যে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃত যুবকের দাবি, কাঁটাতারের বেড়া অতিক্রম না করে সীমান্তের নিচে থাকা একটি পাইপের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিল তারা। এই বক্তব্য সামনে আসতেই সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ৩টার দিকে কয়েকজনের একটি সংঘবদ্ধ চোরচক্র আদমটিলা বাগান এলাকায় প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল স্থানীয়দের গবাদিপশু চুরি করে বাংলাদেশে নিয়ে যাওয়া। সন্দেহজনক চলাফেরা নজরে আসতেই বাগানের পাহারাদাররা বিষয়টি গ্রামবাসীদের জানালে এলাকাবাসী একত্রিত হয়ে চোরচক্রকে ধাওয়া করেন। এসময় অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও বাবুল মিয়া নামে এক যুবক ধরা পড়ে।

জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া নিজেকে বাংলাদেশের বড়লেখা এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়। সে দাবি করে, সীমান্তের নিচে থাকা একটি ভূগর্ভস্থ পাইপ ব্যবহার করেই তারা ভারতে প্রবেশ করেছিল এবং একই পথ দিয়ে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। তার এই স্বীকারোক্তি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
খবর পেয়ে বিএসএফ ঘটনাস্থলে পৌঁছে ধৃত যুবককে নিজেদের হেফাজতে নেয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাকে পাথারকান্দি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় গরু চুরি, অবৈধ অনুপ্রবেশ ও সন্দেহজনক চলাচলের ঘটনা প্রায়ই ঘটছে। তাদের দাবি, সীমান্তে আরও কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত টহল বৃদ্ধি না হলে এ ধরনের ঘটনা রোধ করা কঠিন হয়ে পড়বে। ঘটনাটির তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *