বরাক তরঙ্গ, ২০ মার্চ : অসম বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পঞ্চম দিনে কাছাড় জেলার পাঁচটি বিধানসভা আসনে প্রার্থী দিল এসইউসিআই (কমিউনিস্ট) দল। শুক্রবার শিলচর, ধলাই, বড়খলা, কাটিগড়া ও উদারবন্দ কেন্দ্রের জন্য দলের মনোনীত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
দলীয় সূত্রে জানা গেছে, শিলচর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দলের রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। ধলাই কেন্দ্রে গৌরচন্দ্র দাস, উদারবন্দে দিলীপকুমার রী, বড়খলায় সম্পা দে এবং কাটিগড়ায় হিল্লোল ভট্টাচার্য মনোনয়ন দাখিল করেন। পাশাপাশি আগামী সোমবার সোনাই বিধানসভা আসনে দলের প্রার্থী হিসেবে অঞ্জনকুমার চন্দ মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।
এদিন দলের কাছাড় জেলা কমিটির প্রবীণ নেতা শ্যামদেও কুর্মী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যের মানুষ প্রত্যক্ষ করছেন রাজনীতিতে নীতি, নৈতিকতা ও মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে নিজেদের স্বার্থসিদ্ধি ও দুর্নীতি আড়াল করতে সুবিধামতো দল পরিবর্তন করছেন বলেও অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও দাবি করেন, মুখে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে শাসক ও অন্যান্য দল ধনীক শ্রেণীর স্বার্থ রক্ষাতেই ব্যস্ত। জেলার জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নীতি-আদর্শভিত্তিক রাজনীতির পতাকা উঁচিয়ে ধরে একমাত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে এসইউসিআই (কমিউনিস্ট)। জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠিত আন্দোলনের দাবি বিধানসভার ভেতরে তুলে ধরতে দলের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান তিনি।




