মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর: নিলামবাজার থানার অন্তর্গত গান্ধাই-দাসগ্রাম জিপির শেখলোদী গ্রামে দিনদুপুরে কুঠারের আঘাতে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামী সামছ উদ্দিনের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম আনোয়ারা বেগম। এই ঘটনাকে কেন্দ্র করে গান্ধাই-নিলামবাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রতিদিনের মতো আনোয়ারা বেগমের সন্তানরা স্কুলে যাওয়ার পর তিনি বাড়িতে ঘুমিয়ে পড়েন। অভিযোগ, সেই সময় হাতে কুঠার নিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত স্ত্রীর ওপর হামলা চালান সামছ উদ্দিন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই আনোয়ারার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর সামস উদ্দিনকে হাতে কুঠার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে তাঁর বৃদ্ধ মা ঘটনাস্থলে ছুটে যান। ঘরের ভিতরে আনোয়ারাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে নিলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে শ্রীভূমি জেলা সদর থেকে ডিএসপি মুকুট কাকতিও ঘটনাস্থলে যান। পুলিশ অভিযুক্ত সামছ উদ্দিনকে কুঠারসহ আটক করে। নিলামবাজার সার্কল অফিসারের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের দাবি, গত প্রায় দেড় মাস ধরে সামছ উদ্দিনের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। তাঁকে বিভিন্ন চিকিৎসক ও কবিরাজের কাছে চিকিৎসাও করানো হয়েছিল বলে জানান প্রতিবেশীরা। স্ত্রীকে হত্যার পর সামস উদ্দিন একটি গাছে দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করেন।
ঘটনার তদন্ত শুরু করেছে নিলামবাজার পুলিশ। খুনের প্রকৃত কারণ জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।




