উদারবন্দে বিজেপিতে ভাঙন: ‘বহিরাগত’ প্রার্থী ইস্যুতে ৮ টিকিট প্রত্যাশীর দলত্যাগ

Spread the news

বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার উদারবন্দ কেন্দ্রে বিজেপির অন্দরে বড়সড় ভাঙনের ছবি সামনে এল। টিকিট বণ্টনকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে দলের ৮ জন টিকিট প্রত্যাশী কাছাড় জেলা কার্যালয়ে গিয়ে দলত্যাগ করেছেন।
দলত্যাগী নেতারা সাংবাদিকদের জানান, প্রয়াত অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে দলের পাশে থেকেছেন। কিন্তু এবারের নির্বাচনে উদারবন্দ কেন্দ্র থেকে ‘বহিরাগত’ হিসেবে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদ্বীপ গোয়ালাকে প্রার্থী করার সিদ্ধান্ত তারা কোনওভাবেই মেনে নিতে পারছেন না।

দলত্যাগকারীদের মধ্যে রয়েছেন নবারুণ চক্রবর্তী, শামু রায়, জয়জ্যোতি দে, বাসুদেব শর্মা, হেমাঙ্গ শেখর দাস, বিশ্বজিৎ দাস এবং কাঞ্চন সিং। তাদের অভিযোগ, স্থানীয় কর্মীদের উপেক্ষা করে বহিরাগতকে টিকিট দেওয়া দলের নীতির পরিপন্থী।
তাদের কথায়, “দলের জন্য আমরা বহু ত্যাগ স্বীকার করেছি। কিন্তু এই ধরনের অবিচার মেনে নেওয়া সম্ভব নয়।”
এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দলত্যাগ উদারবন্দ কেন্দ্রে বিজেপির ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে এবং প্রতিপক্ষ দলগুলি এর সুযোগ নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *