প্রদ্যুৎ বরদলৈয়ের দলত্যাগের ঘটনাকে আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক : গৌরব

Spread the news


বরাক তরঙ্গ, ১৮ মার্চ : প্রদ্যুৎ বরদলৈয়ের কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদানের প্রসঙ্গে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। বুধবার নতুন দিল্লি থেকে ডিব্রুগড় বিমানবন্দরে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। গৌরব গগৈ বলেন, “প্রদ্যুৎ বরদলৈয়ের দলত্যাগের ঘটনাকে আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে দেখছি। এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। গত লোকসভা নির্বাচনে কংগ্রেস তাঁকে টিকিট দিয়েছিল এবং বর্তমান বিধানসভা নির্বাচনে তাঁর পরিবারের একজন সদস্যকেও টিকিট দেওয়া হয়েছে। তবুও তিনি ব্যক্তিগত কারণে অসন্তুষ্ট।”

তিনি আরও বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনই অসমের ভবিষ্যৎ নির্ধারণ করবে। জনগণের মূল ইস্যু হলো—তারা হিমন্ত বিশ্ব শর্মাকে আর মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় না। এখন যদি প্রদ্যুৎ বৰদলৈ তাঁকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, তা তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু অসমের মূল সমাজ, বিভিন্ন জনগোষ্ঠী, জনজাতি, নবপ্রজন্ম, নারী ও শ্রমজীবী মানুষ বর্তমান নেতৃত্ব থেকে মুক্তি চায়। আমরা মানুষের মূল দাবি নিয়েই কাজ করছি। আজ রাতেই কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হবে।”

এদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মার্ঘেরিটা কেন্দ্র থেকে প্রদ্যুৎ বৰদলৈয়ের পুত্র প্রতীক বরদলৈকে প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। তবে তাঁর প্রার্থিতা নিয়ে প্রশ্ন করা হলে গৌরব গগৈ সরাসরি কোনো উত্তর দেননি। তিনি ইঙ্গিত দেন, তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশের পর বিষয়টি স্পষ্ট হবে।

উল্লেখ্য, কংগ্রেস ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার সময় মঙ্গলবার রাতে নতুন দিল্লিতে নিজের সরকারি বাসভবনে প্রদ্যুৎ বরদলৈয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন গৌরব গগৈ এবং অসম কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং। তবে তার আগেই তিনি কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
রাজনৈতিক মহলে জোর জল্পনা, পিতার দলত্যাগের পর মার্ঘেরিটা কেন্দ্র থেকে প্রতীক বরদলৈয়ের পরিবর্তে কংগ্রেস নতুন প্রার্থী দিতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *