বরাক তরঙ্গ, ১৭ মার্চ : জমজমাট ম্যাচ দিয়ে শুরু হল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) ১৪তম মিডিয়া ক্রিকেট ফেস্ট। মঙ্গলবার শিলচরের সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত জোড়া ম্যাচেই আগে ব্যাট করা দল জয় নিয়ে মাঠ ছাড়ে। সকালের ম্যাচে বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স ৮ রানে হারায় ডনবস্কো প্রেস ফাইটার্সকে। দিনের দ্বিতীয় ম্যাচে প্যারামাউন্ট নিউজ রকার্স জেতে রুবিকা খবর হিরোজের বিরুদ্ধে। ২৩ রানের ব্যবধানে। দিনের প্রথম ম্যাচ শুরু হয়েছিল বেলা পৌনে বারোটায়। ফলে, এদিন উভয় ম্যাচেই ওভার সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১২ করা হয়।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সৌজন্যে আয়োজিত এবারের বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্টের উদ্বোধনে ক্রীড়া সাংবাদিক তথা বাকস সদস্য প্রয়াত সঞ্জয় রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার অজিতকুমার পোদ্দার, চিফ ম্যানেজার (এইচ আর) বিনোদ দে, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, ডনবস্কো স্কুলের ফাদার সুরজিৎ টিপ্পা, প্যারামাউন্ট স্কুলের ম্যানেজিং ডিরেক্টর সুধাংশু দাস, বাক্স-এর কেন্দ্রীয় সভাপতি রতন দেব প্রমুখ। তাঁরা প্রথম ম্যাচের উভয় দলের খেলোয়াড়দের সঙ্গেও পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিজিৎ ভট্টাচার্য।

উদ্বোধনী ম্যাচে বরাক বুলেটিনের ৭ উইকেটে ১০০ রানের জবাবে ডনবন্ধো প্রেস ফাইটার্স ৯ উইকেটে ৯২ রান সংগ্রহ করে। বরাক বুলেটিনের সর্বাধিক ২৫ রান এসেছে অতিরিক্ত থেকে। তাদের অনির্বাণ রায়চৌধুরী ২২, আহাদুল আহমদ লস্কর অপরাজিত ১৯, সত্যজিৎ শুক্লবৈদ্য ১৫ এবং বিমান সিনহা ১১ রান করেন। ডনবস্কোর সেরা বোলার ধ্রুবজ্যোতি মজুমদার ২২ রান দিয়ে তিন উইকেট নেন। দেবাশিস সোম, রাজু নাথ ও অভিজিৎ দেব পান একটি করে উইকেট। জবাবে নিরূপম দাস ও মণিভূষণ চৌধুরীর ওপেনিং জুটিতে ৩৩ রান তোলার পরও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ডনবন্ধো লক্ষ্যে পৌঁছতে পারেনি। নিরূপম ২৭ এবং মণিভূষণ ১৫ রান করেন। অতিরিক্ত ২২। অজিত দাস, মনোজ রায় এবং অনির্বাণ দু’টি করে উইকেট নেন। আহাদুল ও বিমান একটি করে উইকেট পান।

ম্যাচ সেরা অনির্বাণের হাতে এসবিআইয়ের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন বিজু চন্দ। আহাদুলকে এজেন্সি হাউসের পক্ষ থেকে আহাদুলকে ম্যান অব দ্য মোমেন্ট পুরস্কার তুলে দেন অলক দাস। রেস্ট হেলথকেয়ারের পক্ষ থেকে জয়দীপ দেব সুপার সিক্সারের পুরস্কার তুলে দেন নিরূপমকে। সুপার এন্টারটেইনার মণিভূষ্ণ চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন বাকস-এর সহসভাপতি শতানন্দ ভট্টাচার্য। জয়গুরু এন্টারপ্রাইজের পক্ষ থেকে দেওয়া হয় মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার। ধ্রুবজ্যোতি মজুমদারকে এই পুরস্কার তুলে দেন সুদীপ সিং।
দ্বিতীয় ম্যাচে প্যারামাউন্ট নিউজ রকার্স করে ৯৯/২। তাদের সুব্রত দাস ৪৩, সঞ্জীব কুমার সিং অপরাজিত ২৫, ভোলা নাথ করেন ১১। উইকেট দুটি পেয়েছেন শিবানন্দ সিং ও অমলাভ দাস। জবাবে রুবিকা খবর হিরোজ ৭৬/৮-এ আটকে যায়। শিবানন্দ সিং ১৪, বিজু চন্দ ১৩ রান করেন। অতিরিক্ত ১৭। তাপস নাথ, সুব্রত দাস ও শ্যাম সিনহা দু’টি করে উইকেট নিয়েছেন। একটি করে পান অশোক রাজকুমার ও বিশ্বনাথ হাজাম।

সঞ্জীব সিংয়ের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বিজু চন্দ। তাপস নাঘের হাতে ম্যান অব দ্য মোমেন্ট পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের ফিল্ড ইনচার্জ চন্দন শর্মা। সুধাংশু দাসের কাছ থেকে সুপার সিক্সার পুরস্কার নিলেন সুব্রত দাস। এছাড়া সুব্রত এমভিপি পুরস্কার নিলেন বিশ্বজিৎ দত্তর হাত থেকে। শিবানন্দর হাতে সুপার এন্টারটেইনার পুরস্কার তুলে দেন রাণা সেনগুপ্ত।
বুধবার প্রথম ম্যাচে রুবিকা খবর হিরোজ খেলবে ডনবন্ধো প্রেস ফাইটার্সের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে প্যারামাউন্ট নিউজ রকার্স এবং নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স পরস্পরের মুখোমুখি হবে।



