বরাক তরঙ্গ, ১৫ মার্চ : অসমে এনডিএ-র সবচেয়ে বড় শরিক অসম গণ পরিষদ (অগপ)-এর সঙ্গে বিধানসভা নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রবিবার সকালে। শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তাঁর উপস্থিতিতেই আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বা।
শনিবার শিলচরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বরাক উপত্যকার ১৩টি বিধানসভা আসনের মধ্যে তিনটি আসন অগপকে দেওয়া হবে এবং বাকি দশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। তিনি আরও বলেন, বিজেপির প্রার্থী তালিকা আগামী ১৮ মার্চ সকালে প্রকাশ করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “বরাকের ১৩টি আসনের মধ্যে বিজেপি কতগুলি জিতবে তা অনেকটাই নির্ভর করবে সনাতনী ভোটারদের সমর্থনের উপর। সনাতনীরা আমাদের যতটা সমর্থন দেবেন, আমরা ততটাই আসনে জয়ী হব।”

তিনি আরও জানান, কাছাড় জেলার সোনাই, হাইলাকান্দির আলগাপুর এবং শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ—এই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে অগপ। বরাকের বাকি দশটি আসনে প্রার্থী দেবে বিজেপি। ১৩ আসনই জোটের দখলে থাকবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে রাজনৈতিক মহলে একপ্রকার “ভবিষ্যৎ বাণী” হিসেবেই দেখা হচ্ছে।



