গুয়াহাটিতে এসইউসিআই-র জনসভা, শিবদাস ঘোষের ৫১তম স্মরণ দিবস পালন

Spread the news

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : এসইউসিআই (কমিউনিস্ট) পার্টির অসম রাজ্য কমিটির উদ্যোগে বুধবার গুয়াহাটির জেলা গ্রন্থাগার ভবনে পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মার্কসবাদী চিন্তাবিদ শিবদাস ঘোষের ৫১তম স্মরণ দিবস উপলক্ষে এক জনসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির পলিটব্যুরো সদস্য কান্তিময় দেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য অমিতাভ চ্যাটার্জি। এছাড়াও বক্তব্য রাখেন অসম রাজ্য কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দ্রলেখা দাস এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুরতজামান মণ্ডল।

সভায় বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কাছে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও পুনর্বাসনের কাজ পরিচালনার দাবি জানানো হয়। পাশাপাশি রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনালের একতরফা রায় সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় নিয়েও আলোচনা হয়।

প্রধান বক্তা অমিতাভ চ্যাটার্জি তাঁর বক্তব্যে জাতি, ধর্ম, ভাষা ও বর্ণের বিভেদ ভুলে সাধারণ মানুষের ওপর চলা শোষণ-নির্যাতনের অবসানে পুঁজিবাদবিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপূরক গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। শিবদাস ঘোষের স্মৃতির উদ্দেশে একটি গণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা হয় এবং আন্তর্জাতিক সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *