কেডি রড ইন্ডাস্ট্রিতে বিস্ফোরণকাণ্ড : গুয়াহাটি থেকে গ্রেফতার পরিচালক, হাজতে ঠাঁই ৫ জনেরই

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : উধারবন্দ পানগ্রামের রড ইন্ডাস্ট্রি কেডি গ্লোবাল ইনফ্রাস্টাকচারে বিস্ফোরণের ঘটনায় গুয়াহাটিতে গ্রেফতার করা হয় মালিকপক্ষের এক পরিচালককে। সোমবার গ্রেফতারের পর বিমানে গুয়াহাটি থেকে শিলচরে নিয়ে আসা হয় পরিচালক রাকেশকুমার সুরানাকে। এ দিকে, রবিবার ঘটনার দিন ম্যানেজার আমিরচান্দ জাহাঙ্গীর, রাজেন্দ্র চৌরাসিয়া সহ চারজনকে গ্রেফতার করা হয়। সোমবার পাঁচ জনকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে শিলচর জেল হাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রড কারখানা কেডি ইন্ডাস্ট্রিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিক ও এক চালক নিহত হন। নিহত তিন শ্রমিক হলেন কিরণ মুণ্ডা, অপু বড়াইক ও শ্যামল গোড়। চালক সাগর নাথ ধর্মনগরের বাসিন্দা।

সোমবার কাছাড়ের নিহত তিন শ্রমিকের পরিবারের খোঁজখবর নিয়ে তাঁদের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন বিধায়ক রাজদীপ গোয়ালা। পাশাপাশি অতিরিক্ত ১০ হাজার টাকাও প্রদান করেন তিনি। এ সময় বিধায়ককে দেখে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিধায়ক সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাটির ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এই দুর্ঘটনার জন্য দায়ীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *