রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : ভর্তি ফি মুকুবের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন শিলচর কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা। সোমবার কলেজের প্রধান প্রবেশদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারী পড়ুয়ারা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান ভর্তি প্রক্রিয়ায় ধার্য করা ফি অনেকের পক্ষেই বহন করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে যেসব শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে ব্যাক (Back) রয়েছে, তাঁদের পুনরায় ভর্তি ফি জমা দিতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রেও ভর্তি ফি নেওয়ায় আর্থিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা চরম সমস্যায় পড়েছেন বলে দাবি করেন তারা।
আন্দোলনরত ছাত্রছাত্রীরা বলেন, উচ্চশিক্ষা সকলের মৌলিক অধিকার। অর্থের অভাবে কোনও শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। তাই সরকার ও কলেজ কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ভর্তি ফি সম্পূর্ণ মুকুবের দাবি জানান তারা। একই সঙ্গে ব্যাকপ্রাপ্ত শিক্ষার্থীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা না চাপানোরও আহ্বান জানান আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, দীর্ঘদিন ধরে উত্থাপিত এই দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তাঁরা। এদিনের বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছিল স্পষ্ট।



