বরাক তরঙ্গ, ২৫ মে : হাইলাকান্দিতে সাইবার জালিয়াতি চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ ৮৬ হাজার টাকা প্রতারণার মাধ্যমে উধাও হওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাইলাকান্দি সদর থানার পুলিশ।
ওসি লালহিমসাং পলের নেতৃত্বে গঠিত বিশেষ দল অভিযানে নেমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে। তদন্তে জানা যায়, প্রতারণার টাকা পূর্বগুল এলাকার এক যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল। ওই অ্যাকাউন্ট ব্যবহারের বিনিময়ে তাকে ২০ হাজার টাকা দেওয়া হয় বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
তদন্তের অগ্রগতিতে আরও পাঁচজনের সম্পৃক্ততার তথ্য সামনে আসে। পরে পাইকান এলাকা থেকে এক অভিযুক্তের কাছ থেকে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ধৃতরা হলেন বাপন উদ্দিন মজুমদার, সাহেদ আক্তার বড়ভূইয়া, মাসুদ জামান বড়ভূইয়া, মুজাক্কির হোসেন এবং আজাদ হোসেন মজুমদার।



