মিজোরামে লরির চাপায় শ্রীভূমি জেলার ৩ যুবকের মৃত্যু, ২ জনকে উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুলাই : মিজোরামের কোলাসিব জেলার ভেংলাই ইস্ট ও দিয়াককাউন সীমান্তবর্তী শিলচর রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত শ্রীভূমি জেলার তিন যুবকের পরিচয় মিলল। তারা শ্রীভূমি জেলার পাথারকান্দি কেন্দ্রের বাসিন্দা। মৃত যুবকরা হলেন হুগারগুলের সুলেমান আলির ২৭ বছরের ছেলে সাদ্দাম হোসেন, গুলছড়া কাজিটিলার রিয়াজ উদ্দিনের ছেলে মাসুক আহমদ (২৫) ও মইজ উদ্দিনের ১৯ বছরের ছেলে খালেদ আহমদ। আহত হন আরও দু’জন।

বৃহস্পতিবার রাত ২টা নাগাদ মিজোরামের কোলাসিব জেলার ভেংলাই ইস্ট ও দিয়াককাউন সীমান্তবর্তী শিলচর রোডে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আইজলগামী AS10 G-1931 নম্বরের ওয়াগনআর বাহনটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা MZ01 T-8293 নম্বরের একটি লরির পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের জেরে লরিটি প্রায় ৫০ মিটার পিছিয়ে গিয়ে সাব-হেডকোয়ার্টার্স ওয়াইএমএ ভবনের কাছে উল্টে পড়ে এবং নিচে চাপা পড়ে যায় ওয়াগনআরটি।

গাড়িতে থাকা ২ জনকে জীবিত উদ্ধার করা হলেও, লরির নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ও সাব-হেডকোয়ার্টার্স ওয়াইএমএ-র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। এস্কেকেভেটরের সাহায্যে উল্টে থাকা লরি সরানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *