বরাক তরঙ্গ, ৩০ মে : ত্রিপুরার বহুল আলোচিত পিআইপিএসএল (প্রগতিশীল ইনফা প্রোজেক্টস সার্ভিস লিমিটেড) চিটফান্ড কেলেঙ্কারি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল বিশেষ সিবিআই আদালত। প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগে সংস্থার তিন শীর্ষ কর্তা অরিন্দম দাস, দীপশিখা দাস চক্রবর্তী এবং পরিতোষ দাসকে দোষী সাব্যস্ত করে কঠোর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘ তদন্তের পর সিবিআই আদালতে চার্জশিট জমা দেয়। বিচার প্রক্রিয়ায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত সংস্থার চেয়ারম্যান অরিন্দম দাস, দীপশিখা চক্রবর্তী দাস এবং ম্যানেজিং ডিরেক্টর পরিতোষ দাসকে দোষী সাব্যস্ত করেন।
জানা গেছে, অভিযুক্তরা অধিক মুনাফা ও উচ্চ সুদের প্রলোভন দেখিয়ে ত্রিপুরার বহু সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিলেন। কিন্তু নির্ধারিত সময় শেষে আমানতকারীদের টাকা ফেরত না দিয়ে সংস্থার কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়। ফলে হাজার হাজার বিনিয়োগকারী আর্থিক ক্ষতির মুখে পড়েন।
ঘটনাটি নিয়ে ব্যাপক জনরোষের সৃষ্টি হলে উচ্চ আদালতের নির্দেশে তদন্তভার গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে সংস্থার বিরুদ্ধে আর্থিক জালিয়াতি ও প্রতারণার একাধিক প্রমাণ সংগ্রহ করা হয়। পরে আদালতে চার্জশিট দাখিল করে সিবিআই।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বিশেষ সিবিআই আদালত অভিযুক্ত তিনজনকে বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করে। আদালত তাঁদের মোট ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং উল্লেখযোগ্য অঙ্কের জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালত স্পষ্ট জানিয়েছে।



