তিনটি ট্রাক থেকে ২৮০ বস্তা অবৈধ সুপারি বাজেয়াপ্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : মিজোরামের ইস্ট লুংদারে তিনটি ট্রাক থেকে মায়ান্মার থেকে অবৈধভাবে পাচার করে আনা হয়েছে বলে সন্দেহ করা ২৮০ বস্তা সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেরছিপ ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোর্স (ডিইএফ), ইস্ট লুংদার বিট পোস্ট এবং ভানলাইফাই পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই সুপারি বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ট্রাকটি চালাচ্ছিলেন রুয়ান্তলাংয়ের বাসিন্দা ৩০ বছর বয়সি লালনুনপুইয়া। তাঁর চালিত এমজেড-০৪-৯৫৭৫ নম্বরের ট্রাক থেকে ১২০ বস্তা সুপারি উদ্ধার করা হয়।

দ্বিতীয় ট্রাকটি চালাচ্ছিলেন চামফাইয়ের ভেংথারের বাসিন্দা ১৯ বছর বয়সি জন লাংজাথাং। তাঁর এমজেড-০১/এন-৬২৬৭ নম্বরের ট্রাক থেকে ৮০ বস্তা সুপারি বাজেয়াপ্ত করা হয়। এছাড়া, ত্লাংসামের বাসিন্দা ১৯ বছর বয়সি লালদানমাওইয়ার চালিত এমজেড-০২/এ-৮৭৯৯ নম্বরের ট্রাক থেকে আরও ৮০ বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে। তিনটি ট্রাক থেকে উদ্ধার হওয়া সুপারির মোট পরিমাণ ২১০ কুইন্টাল। বাজেয়াপ্ত সুপারির আনুমানিক বাজারমূল্য ৬৩ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া সুপারি এবং তিন ট্রাকের চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেরছিপ জেলা পুলিশ তাঁদের কেইতুমে অবস্থিত কাস্টমস প্রিভেন্টিভ ফোর্সের হাতে তুলে দিয়েছে। ঘটনার পর সুপারি পাচারের উৎস ও সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *