দিল্লি বিমানবন্দরে সুইস এয়ারের বিমানে আগুন, মৃত্যুর মুখ থেকে ফিরলেন ২৩২ যাত্রী

Spread the news

২৬ এপ্রিল : দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জুরিখগামী সুইস এয়ারলাইন্সের ২৩২ জন যাত্রী। শনিবার গভীর রাতে উড্ডয়নের ঠিক আগের মুহূর্তে বিমানে যান্ত্রিক গোলযোগ ও ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি উদান বাতিল করে যাত্রীদের নামানোর সময় অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।

বিমানবন্দর সূত্রে খবর, সুইস এয়ারলাইন্সের LX147 নম্বরের এয়ারবাস A330 বিমানটি শনিবার রাত ১টা ৮ মিনিট নাগাদ রানওয়েতে টেক-অফের জন্য দৌড়চ্ছিল। সেই সময় বিমানের ১ নম্বর ইঞ্জিনে বড়সড় ত্রুটি ধরা পড়ে এবং দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সেই সময় বিমানটির গতিবেগ ছিল প্রায় ১০৪ নট। পরিস্থিতি বেগতিক বুঝে চালক (পাইলট) তৎক্ষণাৎ টেক-অফ বাতিল করেন এবং ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়।

বিমানে ২১৮ জন যাত্রী ও ৪টি শিশুসহ মোট ২৩২ জন আরোহী ছিলেন। ইঞ্জিনে আগুনের সতর্কতা পেতেই রানওয়েতে বিমান থামিয়ে জরুরি স্লাইড (Emergency Slides) ব্যবহার করে যাত্রীদের নামানো শুরু হয়। এই হুড়োহুড়ির সময় ৬ জন যাত্রী চোট পান। তাঁদের তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে (মেদান্ত) ভর্তি করা হয়েছে। তবে বিমানের ক্রু সদস্যরা অক্ষত রয়েছেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

উড়ান সংস্থা ‘সুইস’ (SWISS) একটি বিবৃতিতে জানিয়েছে, “ইঞ্জিনের সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টেক-অফ বাতিল করা হয়েছে। একটি টাস্ক ফোর্স গঠন করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সুইজারল্যান্ড থেকে কারিগরি বিশেষজ্ঞরা এসে বিমানটি পরীক্ষা করবেন।” ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প উড়ান এবং হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

ঘটনার জেরে সংশ্লিষ্ট রানওয়েটি (Runway 28) দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়েছিল। রানওয়ে থেকে ক্ষতিগ্রস্ত বিমানটিকে সরিয়ে নেওয়ার পর পরিষেবা ফের স্বাভাবিক হয়। তবে এই ঘটনার জেরে বিমানবন্দরে অন্যান্য উড়ান চলাচলেও সাময়িক প্রভাব পড়ে। দিল্লির দমকল বাহিনীর ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *