বরাক তরঙ্গ, ১৮ জুন : কামাখ্যা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য প্রায় ২৩ লক্ষ ৬৩ হাজার টাকা বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সমর ওয়ালাল, বিবেক কুমার এবং সুরজন সিং। কামাখ্যা রেলওয়ে পুলিশের কর্মকর্তা যাদব চেতিয়ার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দাবি করেছে যে তারা কামাখ্যা ধাম দর্শনের উদ্দেশ্যে এসেছিল। তাদের বক্তব্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাদের কাছে জাল নোটভর্তি ব্যাগটি হস্তান্তর করেছিল।
তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তার হওয়া তিনজনই উত্তরপ্রদেশের বাসিন্দা। জাল নোটভর্তি ব্যাগের পাশাপাশি তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বৃহত্তর চক্রের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।



