তেলেঙ্গানায় চলছে সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্মেলন, অংশ নিলেন অসমের ২২ জন প্রতিনিধি

Spread the news

১৭ নভেম্বর : সারা ভারত কৃষক সভার ৩৬তম সর্বভারতীয় সম্মেলন গত ১৫ নভেম্বর ঐতিহাসিক তেলেঙ্গানার নালগন্ডায় শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। সম্মেলনের প্রথম দিন নালগন্ডায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় মহিলা নেত্রী বৃন্দা কারাত, কৃষক সভার সর্বভারতীয় সভাপতি অশোক ধাওয়ালে, সম্পাদক বিজু কৃষ্ণান এবং স্থানীয় কৃষক নেতৃবৃন্দ। কৃষক আন্দোলনের অন্যতম পীঠস্থান নালগন্ডায় সংগঠনের রক্তরাঙা পতাকা উত্তোলন করেন সভাপতি অশোক ধাওয়ালে। পাশাপাশি শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিনিধিরা।

সম্মেলনে অসম থেকে নির্বাচিত ২২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। সম্পাদক বিজু কৃষ্ণানের উত্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নিয়ে অসমের প্রতিনিধি রেজামন্দ আলি বড়ভূইয়া রাজ্যের বিভিন্ন সমস্যা ও কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরেন।

তিনি তাঁর বক্তব্যে অসমের বিজেপি নেতৃত্বাধীন হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে কৃষকদের উচ্ছেদ, বেকারত্ব, বন্যা, জমির পাট্টা, নদীভাঙন, জমির খাজনা বৃদ্ধি, সরকারি ধান ক্রয়কেন্দ্রের অপ্রতুলতা ও জটিলতা, বন্যপ্রাণীর উপদ্রব এবং কৃষকবিরোধী জমি অধিগ্রহণ আইনের সংশোধনসহ বিভিন্ন বিষয় উল্লেখ করেন। পাশাপাশি বসুন্ধরা প্রকল্পের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা, কর্পোরেট সংস্থার হাতে জমি হস্তান্তর, সেচ ব্যবস্থার অভাব, বহিরাজ্যে অসমের পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, সাম্প্রদায়িক কর্মকাণ্ড, গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণ এবং দুর্নীতির বিষয়েও তিনি বক্তব্য রাখেন।

এদিকে, দিল্লির কৃষক আন্দোলনের ছয় বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ নভেম্বর সারা দেশে কৃষক আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে কৃষক সভা। কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা, কৃষিঋণ মকুব, বিদ্যুৎ বিল প্রত্যাহার, আমেরিকার সঙ্গে কৃষকবিরোধী চুক্তি বাতিল এবং শ্রম কোড প্রত্যাহারসহ একাধিক দাবিতে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলার প্রস্তাব সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই সর্বভারতীয় সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা সম্মেলনে কৃষক ও কৃষি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *