বরাক তরঙ্গ, ৩ জুলাই : নাট্যাঙ্গন কালচারাল অর্গানাইজেশন শিলচর আগামী ১৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা আয়োজন করছে। সংগঠন শুক্রবার সুভাষনগর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কর্মশালার আনুষ্ঠানিক ঘোষণা করে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানান, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা শেখর দেবরায়ের পরিচালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে নাট্যচর্চাকে জনপ্রিয় করে তোলা এবং আগ্রহী নাট্যপ্রেমীদের অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে সুসংগঠিত প্রশিক্ষণ দেওয়া এই কর্মশালার প্রধান উদ্দেশ্য।
বিশ্বজিৎ দত্ত আরও বলেন, নাট্যাঙ্গন সবসময় অন্যান্য নাট্যসংগঠনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে। তাদের বহু সদস্য বিভিন্ন সংগঠনের নাটকে অভিনয় করেন এবং অন্য সংগঠনের শিল্পীরাও নাট্যাঙ্গনের প্রযোজনায় অংশ নেন। তিনি আশা প্রকাশ করেন যে এই কর্মশালা নাটকের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এবং নাট্যচর্চাকে আরও জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠণের কোষাধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী (সায়ন) জানান, গত বছরের কর্মশালাটি ভাবিকাল থিয়েটার গ্রুপের শান্তনু পালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছিল এবং তা অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল। তিনি উল্লেখ করেন, নাট্যাঙ্গন নাট্য প্রশিক্ষণের পাশাপাশি সারাবছর নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডও আয়োজন করে থাকে।
কর্মশালার সমাপ্তি উপলক্ষে ১৯ জুলাই অংশগ্রহণকারীদের পরিবেশনায় একটি প্রদর্শনী নাটক মঞ্চস্থ করা হবে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে এই উদ্যোগ বরাক উপত্যকায় নাট্যচর্চার প্রসার ঘটাবে এবং স্থানীয় সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মল রবিদাস, বিশাল আচার্য, অনীক আদিত্য, জয়া পাল, অনামিকা দাস, জনার্দন রায় এবং গৌরব পাল।



