রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৩ জুলাই : কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকার ধর্মীখালের পুনিচড়া অঞ্চলে সড়কের পাশে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঠাণ্ড পানীয়ের বোতল পড়ে থাকার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই বোতলগুলোর অনেকগুলোই স্থানীয় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ কুড়িয়ে নিয়ে পান করছেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দর্মিখাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন সড়কের ধারে একটি গাড়িভর্তি ঠাণ্ডা পানীয়ের বোতল ফেলে রাখা হয়। বিষয়টি নজরে আসতেই কৌতূহলী মানুষের ভিড় জমে। অভিযোগ, অনেকেই সেখান থেকে বোতল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং পানও করছেন। এলাকাবাসীর একাংশের ধারণা, বিভিন্ন দোকানে বিক্রি না হওয়া এবং মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ঠান্ডা পানীয় যথাযথ নিয়মে ধ্বংস বা নিষ্পত্তি না করে উন্মুক্ত স্থানে ফেলে দেওয়া হয়েছে। তবে এই দাবির সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, যদি কোনও সংস্থা বা প্রতিষ্ঠান সত্যিই এভাবে মেয়াদোত্তীর্ণ পানীয় উন্মুক্ত স্থানে ফেলে রেখে থাকে, তবে তা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। বিশেষ করে শিশুদের মধ্যে সচেতনতার অভাব থাকায় তারা এসব পানীয় পান করে অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি, কে বা কারা এই মেয়াদোত্তীর্ণ পানীয়গুলো সেখানে ফেলে গেছে এবং জনবহুল এলাকায় এ ধরনের বর্জ্য ফেলার জন্য কারা দায়ী, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।



