হাইলাকান্দিতে রেডক্রস সোসাইটির জরুরি সভা, খুব শীঘ্রই গঠন হচ্ছে নয়া কমিটি

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : ভারতীয় রেডক্রস সোসাইটির হাইলাকান্দি শাখার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বুধবার বিকেলে হাইলাকান্দি রেডক্রস সোসাইটির কার্যালয়ে শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রেমাংশু শেখর পালের পৌরোহিত্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় শাখার সাধারণ সম্পাদক হীরালাল দত্ত পুরকায়স্থ বৈঠকের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। বৈঠকে বিগত বছরগুলিতে রেডক্রস সোসাইটির হাইলাকান্দি শাখার উদ্যোগে গৃহীত বিভিন্ন কর্মসূচি, কার্যক্রম ও সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গত পাঁচ বছরে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের খতিয়ানও তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, ২০২১ সালে হাইলাকান্দি শহরের ব্লু ফ্লাওয়ার হাইস্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক ক্ষিতিশ রঞ্জন পালকে সভাপতি করে বর্তমান কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে তাঁর প্রয়াণের পর তৎকালীন উপ-সভাপতি প্রেমাংশু শেখর পালকে সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

বিভিন্ন কারণে বিগত পাঁচ বছরে রেডক্রস সোসাইটির হাইলাকান্দি শাখার নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। তাই দুর্গাপূজার আগেই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ অক্টোবর, শনিবার বেলা ১১টায় ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি রোডের বরিষ্ঠ নাগরিক সংস্থার কার্যালয় ‘মৈত্রী ভবন’-এ বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। ওই সভাতেই নতুন সভাপতি, উপ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ-সহ নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

সভায় নির্বাচন এড়িয়ে সকল সদস্যের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কোনও ধরনের মতবিরোধ বা জটিলতা ছাড়াই আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠনের বিষয়ে উপস্থিত সদস্যরা সহমত পোষণ করেন।

এদিকে, পদাধিকারবলে রেডক্রস সোসাইটির হাইলাকান্দি শাখার সভাপতি হাইলাকান্দির জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করবেন বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

জরুরি সভায় কোষাধ্যক্ষ অরুণ কুমার দাস, অনিন্দ্য কুমার নাথ, সন্দীপন পাল, ডাঃ নারায়ণচন্দ্র দেবনাথ, তিলক রঞ্জন দাস, সামস উদ্দিন বড়লস্কর, মইন উদ্দিন বড়ভূইয়া, ভগবান দাস সারদা, মাধবী শর্মা, সুরজিৎ দেব, শুভঙ্কর ভট্টাচার্য-সহ রেডক্রস সোসাইটির আরও বহু সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *