বরাক তরঙ্গ, ৮ মে : পূর্ব ধলাই জেলার পালংঘাট এলাকায় শুক্রবার সকালে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রুকনী ২য় খণ্ডের রঘুরাম পাঠশালার সামনে সংঘটিত এই দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, পালংঘাট থেকে কাবুগঞ্জগামী একটি অটোরিকশার পিছনে দ্রুতগতিতে এসে ধাক্কা মারে একটি বাইক। সংঘর্ষের তীব্রতায় বাইক চালক কয়েক মিটার দূরে ছিটকে পড়ে গুরুতর জখম হন। একইসঙ্গে অটোরিকশায় হাত বাইরে বের করে বসে থাকা এক যাত্রীর হাতে বাইকের ধাক্কা লাগে। এতে তাঁর হাত ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও অটোরিকশার যাত্রীরা দ্রুত আহতদের উদ্ধার করে পালংঘাট মডেল হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে পালংঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটি নিজেদের হেফাজতে নেয়।
অন্যদিকে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, পালংঘাট মডেল হাসপাতালে নির্ধারিত সময় অনুযায়ী চিকিৎসক উপস্থিত ছিলেন না। যদিও বহির্বিভাগে সকাল ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চিকিৎসা পরিষেবা চালুর কথা, তবুও সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত কোনও চিকিৎসকের দেখা মেলেনি বলে অভিযোগ ওঠে। ফলে আহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।



