বরাক তরঙ্গ, ৮ মে : ধলাইয়ে বার্মিজ গরু সহ দুই যুবককে আটক করে পুলিশে দিলেন বজরং দলের কর্মী ও স্থানীয়রা। বৃহস্পতিবার গভীর রাতে একটি মাঝারি ট্রাকে করে চারটি বার্মিজ গরু নিয়ে আসছে এমন খবর পেলে বজরঙ্গিরা পিছু ধাওয়া করেন। এক সময়ে ট্রাকটি মথুরাপুর জিপির জীবনগ্রাম টিলানগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন চালক পালিয়ে গেলেও ট্রাকে থাকা এক যুবককে ধরে ফেলেন স্থানীয় লোক ও বজরঙ্গিরা। যুবকের নাম সুনীলকুমার রিকিয়াসন। তার বাড়ি কাজিডহর দ্বিতীয় খণ্ডে।
বজরং দলের ধলাই প্রখণ্ডের সংযোজক সুমন শর্মা জানান, সুনীলকে পাকড়াও করার সময় ট্রাকের পেছনে করে বাইক নিয়ে আসা রাজনগরের সামসুদ্দিন লস্কর নামে এক যুবককে ধরেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছলে দু’জনকে সমঝে দেওয়া হয়। তিনি এও জানান, গাড়িটি দুর্ঘটনার শিকার হলে একটি গরু জখম হয়। তিনি ধৃতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ দিকে, স্থানীয় বাসিন্দা কে শুভঙ্কর সিংহ দু’জনের বিরুদ্ধে ধলাই থানায় এফআইআর দাখিল করেছেন।



