শিলচরে ১.৩১ কোটি টাকার পোস্তদানা বাজেয়াপ্ত, আটক দুই

Spread the news

বরাক তরঙ্গ, ২১ জুন : কাছাড় জেলায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) যৌথভাবে একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পোস্তদানা (পপি সিডস) বাজেয়াপ্ত করেছে। শনিবার সন্ধ্যায় শিলচর বাইপাস সড়ক দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৮,৭৬৪ কেজি পোস্তদানা, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লক্ষ টাকা, অভিযান চলাকালীন আটক করা হয়।

উদ্ধার হওয়া পোস্তদানা পরবর্তী তদন্তের জন্য ডিআরআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিলচরের দুই বাসিন্দাকে আটক করা হয়েছে। পাশাপাশি একটি টাটা ট্রাক এবং দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। আটক দুই যুবক হল আজমল হোসেন বড়ভূইয়া ও নাজির হোসেন বড়ভূইয়া। তবে তাদের ঠিকানা জানা যায়নি।

উল্লেখ্য, আসাম রাইফেলস ও ডিআরআই দীর্ঘদিন ধরে এই অঞ্চলে চোরাচালান ও অবৈধ পাচার রোধে সক্রিয়ভাবে অভিযান চালিয়ে আসছে। নিয়মিত অভিযানের মাধ্যমে তারা পাচারচক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কাজ করে চলেছে। সাম্প্রতিক এই জব্দকরণকে অবৈধ পাচারবিরোধী লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *