বরাক তরঙ্গ, ১৮ জুলাই : হাইলাকান্দির রবীন্দ্রভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পিএম-অজয় প্রকল্পের অধীনে ১ কোটি ১২ লক্ষ ৩৮ হাজার টাকার অনুদান এবং আর্থিক সহায়তা বণ্টন করা হয়েছে। আসাম স্টেট রুরাল লাইভলিহুডস মিশন এবং অসমের তপশিলি জাতি ও অনগ্রসর শ্রেণি কল্যাণ নির্দেশনালয়ের যৌথ উদ্যোগে গ্রামীণ আয় বৃদ্ধির লক্ষ্যে এই ব্যাপক জীবিকা উন্নয়ন কর্মসূচির আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা কমিশনার জয় বিকাশ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি বিধায়ক ড. মিলন দাস। অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারপার্সন ফাতেমা বেগম চৌধুরী, সিইও, জেলা পরিষদ রুথ লিয়েনথাং, এডিসি মুনসুর আহমেদ মজুমদার, প্রসেনজিৎ দে (এসডিডব্লিউও) এবং এএসআরএলএমের ডিপিএম সৌমিত্র দে। বন্টন করা আর্থিক প্যাকেজ মধ্যে ১৮৫টি তপশিলী জাতিভুক্ত স্বনির্ভর গোষ্ঠীকে ৯২.০৫ লক্ষ টাকা এবং ৪৩ জন তপশিলি জাতিভুক্ত স্বনির্ভর গোষ্ঠীর একক সদস্যকে ২০.৩৩ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে, এই পুরো অর্থ সরাসরি বেনিফিট ট্রান্সফার মোডের মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হচ্ছে।
এই উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে আধিকারিকরা জোর দিয়ে বলেন, এই আর্থিক সহায়তা তৃণমূল স্তরে উদ্যোক্তা তৈরি করতে গতি আনবে, যা অঞ্চলের তপশিলী জাতি সম্প্রদায়ের মধ্যে টেকসই জীবিকা সৃষ্টি এবং অর্থনৈতিক স্বনির্ভরতার পথ প্রশস্ত করবে।



