বরাক তরঙ্গ, ১২ জুন : শিক্ষা, নৈতিকতা ও কৃতিত্বকে উৎসাহিত করতে উত্তর ত্রিপুরার কদমতলা সংলগ্ন অসম-ত্রিপুরা সীমান্তবর্তী উত্তর কালাগাঙ্গেরপার গ্রামে ১১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উত্তর কালাগাঙ্গেরপার জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানিত করা হয়।
উত্তর কালাগাঙ্গেরপার হামছায়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত পরিবেশন করেন স্থানীয় ছবাহি মক্তবের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামে মসজিদের ইমাম ও খতিব কারি করামত আলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা এমারতে শরীয়াহ ও নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক মওলানা এটিএম জাকারিয়া কাসিমি। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আদর্শ চরিত্র গঠনের মাধ্যমে সমাজসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। সদ্য ঘোষিত উত্তর-পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামির পরিচালিত ছবাহি মক্তবের ফাইনাল পরীক্ষায় মেধা তালিকায় সপ্তম স্থান অর্জনকারী উত্তর কালাগাঙ্গেরপার ছবাহি মক্তবের ছাত্র মো. আসিফ আরমানকে বিশেষভাবে সম্মানিত করা হয়। তাঁকে স্মারকপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। একই পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ জোহরা ইসরাত ও সাজিদা বেগমকেও সংবর্ধনা জানানো হয়।
এছাড়া ধর্মনগর জেলা জমিয়ত উলামায়ে হিন্দ পরিচালিত বার্ষিক ফাইনাল পরীক্ষায় জেলার মধ্যে প্রথম স্থান অর্জনকারী তাহমিনা ইয়াসমিন এবং সপ্তম স্থান অধিকারী শাহানাজ এহছানকে সম্মাননা প্রদান করা হয়।
মাদ্রাসা শিক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য আরবি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী মো. ইকবাল হোসেন, উত্তর প্রদেশের দারুল উলুম জাকারিয়া থেকে মাওলানা ডিগ্রি অর্জনকারী মো. সাহিদুল আলম এবং বিশ্বখ্যাত দারুল উলুম দেওবন্দের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ মো. সহিদ আহমেদকেও সংবর্ধিত করা হয়।
সাধারণ শিক্ষার ক্ষেত্রেও সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ পারভিন নাহার এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ নাহিনা আক্তার পপি ও আহমেদ হুসেনকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামে মসজিদের সম্পাদক এবাদুল করিম, কারি করামত আলিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জামে মসজিদের সভাপতি আব্দুল আজিম, মওলানা হাবিবুল্লাহ, অভিভাবক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রামবাসী।



