বরাক তরঙ্গ, ২৩ জুন : ধলাইয়ের ভুবনডহর চা-বাগান খেলার মাঠে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সর্বজনীন নক-আউট ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইয়ংস্টার ক্লাব নাগাপুঞ্জি (সুখতলা) এবং বৈরভবাড়ি এফসি। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের ২৮ মিনিটে ইয়ংস্টার ক্লাবের হয়ে জয়সূচক গোলটি করেন গাইকং। তাঁর একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ইয়ংস্টার ক্লাব।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গাইকংকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়। ম্যাচ শেষে তাঁর হাতে পুরস্কার তুলে দেন ভুবনডহর চা-বাগানের ম্যানেজার বাবুলাল রবিদাস, খেলা পরিচালন কমিটির সহ-সভাপতি ধনমজয় রি এবং সম্পাদক অভিনাশ ভর। এ দিন ম্যাচ পরিচালনা করেন জাফর বড়ভূইয়া, নিমা উদ্দিন এবং রানা রিকিয়াশন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুবনধর চা-বাগানের ম্যানেজার বাবুলাল রবিদাস, দর্মিখাল হাইস্কুলের প্রাক্তন শিক্ষক শ্যামবাবু লোহার, ভুবনডহর জিপির প্রাক্তন এপি সদস্য প্রদীপ দোসাধ সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি ও বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে বুধবার পুনিছড়ার বিরুদ্ধে মাঠে নামবে ভুবনডহর বাংলাটিলা।



