বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, নতুন বাড়ি তৈরি, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্নির্মাণ এবং কৃষি ক্ষেত্রের উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সাক্ষাৎকারের বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মুখ্যমন্ত্রী শর্মা জানান যে, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, নতুন বাড়ি তৈরি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্নির্মাণের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। এর পাশাপাশি অসমের কৃষি ক্ষেত্রের উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে অসমে ৫,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। এই প্রকল্পের অধীনে ৩.৮ লাখেরও বেশি নতুন বাড়ি তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। এর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলিও অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্নির্মাণ করা হবে। কৃষি ক্ষেত্রের উন্নয়নের জন্য অসম অতিরিক্ত ১৩৯ কোটি টাকা পাবে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। বৈঠকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের জাতীয় সড়কগুলির মেরামত, কাজিরাঙ্গার এলিভেটেড করিডোর এবং গুয়াহাটি রিং রোডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত বিষয়ে আলোচনা করা হয়।
মুখ্যমন্ত্রী ‘এক্স’-এ প্রকাশ করা তথ্য অনুযায়ী, অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কগুলি দ্রুত মেরামত করার পাশাপাশি ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে আরও শক্তিশালী সড়ক নির্মাণের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে আলোচনা করা হয়েছে।
এছাড়াও জোরাবাটে সৃষ্ট কৃত্রিম বন্যার স্থায়ী সমাধানের জন্য মহাসড়কের অবকাঠামো সামগ্রিকভাবে নতুন করে ডিজাইন (পুনর্নকশা) করার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়।



