দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : রামকৃষ্ণ সরণির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সংবর্ধনা জানাল রামকৃষ্ণ সরণির উন্নয়ন সমিতি। মঙ্গলবার শিলচর ৩৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির কর্মকর্তারা। সভায় বক্তারা জানান, বিধায়ক হিসেবে তাঁর কার্যকালের শেষ পর্যায়ে রামকৃষ্ণ সরণির রাস্তা সংস্কার, জাতীয় সড়কের দু’পাশে ড্রেন নির্মাণ এবং রাঙ্গিরখাড়ি নেতাজি সুভাষ বসু পয়েন্টের আধুনিকীকরণসহ একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়। উন্নয়ন সমিতির সভাপতি দিব্যেন্দু দত্ত চৌধুরী, প্রাক্তন সভাপতি রবীন্দ্র পাল, কোষাধ্যক্ষ অজিত পাল, রাহুল দত্ত চৌধুরী ও সঞ্জীব দাসসহ অন্যান্য কর্মকর্তারা দীপায়ন চক্রবর্তীর উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয় উন্নয়নে তাঁর ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারাও বলেন, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ মোড়ের উন্নয়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হয়েছে, তেমনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাতেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে সভায় মত প্রকাশ করা হয়।



