সোনাইতে রাঁধুনিদের সেবা সংকল্প অভিযান চেক বণ্টন____
আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল রাঁধুনিদের সেবামূলক কাজের প্রশংসা করলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার সোনাই মাধব চন্দ্র দাস কলেজে রাঁধুনিদের জনপ্রতি এক হাজার টাকা সরকারি অনুদান সেবা সংকল্প অভিযান চেক বণ্টন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধায়ক আমিনুল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার কাজে অংশ নেওয়া রাঁধুনিদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সংসার চলার মতো সরকারি অনুদান পান না রাঁধুনিরা। এরপরও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন রাঁধুনিরা। তাঁদের দায়িত্ব পালনে উৎসাহ দিতে কেন্দ্র ও রাজ্য সরকার জনপ্রতি এক হাজার টাকা সরকারি অনুদান দিয়েছে।
অনুষ্ঠানে সোনাই শিক্ষা খণ্ডের বিইইও নজমুল হক লস্কর বলেন, রাঁধুনিরা মিড ডে মিলের মতো গুরুদায়িত্ব পালন করছেন। শিশুদের সুস্বাদু খাবার তৈরির দিকে সর্বদা প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, সোনাই শিক্ষা খণ্ডের অধীন ৩১৪টি স্কুলের রাঁধুনিদের সাহায্যার্থে জনপ্রতি এক হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।

গোটা অনুষ্ঠান পরিচালনা করেন সোনাই শিক্ষা খণ্ডের বিআরপি ফিরোজ আহমদ লস্কর। তিনি বলেন, অনুষ্ঠানে সেবা সংকল্প অভিযান প্রকল্পের আনুষ্ঠানিক চেক বণ্টন করা হয়েছে। দু-এক দিনের মধ্যে সিআরসিরা প্রতিটি স্কুলে চেক পৌঁছে দেবেন।
এরপর একই মঞ্চে সোনাই বিধানসভাভিত্তিক সেবা সংকল্প অভিযানের আর্ট প্রতিযোগিতায় তিনটি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করা ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন বিধায়ক আমিনুল সহ বিইইও এবং অতিথিরা।

এতে সোনাই বিধানসভাভিত্তিক ওয়ান টু ফাইভ পর্যন্ত আর্ট প্রতিযোগিতায় (ক) বিভাগে প্রথম স্থান লাভ করেছেন ৯৯৯ নম্বর ডেকাজুরাই এলপি স্কুলের সাকী দাস, ২য় স্থান একই স্কুলের সঞ্জনা দাস, ৩য় স্থান শান্তি বিদ্যানিকেতনের জাহানা আক্তার লস্কর। (খ) বিভাগে প্রথম স্থান এল ধিরেন সিংহ, ২য় এস রাজবীর সিংহ, ৩য় দিব্যা দাস। (গ) বিভাগে প্রথম আবসার সুলতানা লস্কর, ২য় এল মানিতা সিংহ, ৩য় সরনম আক্তার লস্কর। আর্ট প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে প্রতিযোগিতায় সাফল্য লাভ করবে বলে দৃঢ় মত ব্যক্ত করেন বিধায়ক আমিনূল সহ বিইইও।
এদিনের অনুষ্ঠানে বিধায়কের সঙ্গী ছিলেন সোনাই ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমদ লস্কর, বাবুল বড়ভূইয়া, ফারুক আহমদ লস্কর, মঞ্জুরুল হক চৌধুরী প্রমুখ।



