মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ জুন : শিশু-কিশোরদের মধ্যে যোগচর্চার অভ্যাস গড়ে তোলা এবং সুস্থ-সবল জীবনযাপনের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাথারকান্দির ওয়ান্ডার কিডজ প্লে স্কুল। আগামী ২১ জুন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে বর্ণাঢ্য যোগাসন প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন বয়সভিত্তিক চারটি বিভাগে অংশ নেবে এলাকার ক্ষুদে ও কিশোর প্রতিযোগীরা। এ বিষয়ে বিদ্যালয়ের মুখ্য সঞ্চালক পীযূষকুমার দেব মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানান, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর জীবনযাত্রা ও ব্যস্ততার কারণে শিশুদের শারীরিক কর্মকাণ্ড ক্রমশ কমে আসছে। এর ফলে ছোট বয়স থেকেই নানা শারীরিক ও মানসিক সমস্যার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে যোগচর্চার গুরুত্ব সম্পর্কে শিশু, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তিনি বলেন, “যোগ শুধু শরীরচর্চা নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। নিয়মিত যোগাভ্যাস মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি মানসিক প্রশান্তি, একাগ্রতা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ছোটবেলা থেকেই শিশুদের যোগচর্চার প্রতি আগ্রহী করে তোলা অত্যন্ত প্রয়োজন। প্রতিযোগিতাটি চারটি পৃথক বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে অংশ নিতে পারবে ২ থেকে ৪ বছর বয়সী শিশুরা। দ্বিতীয় বিভাগে থাকবে ৫ থেকে ৭ বছর বয়সী প্রতিযোগীরা। তৃতীয় বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবে ৮ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীরা এবং চতুর্থ বিভাগে অংশ নিতে পারবে ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীরা।
আগামী ২১ জুন সকাল ১০টা থেকে পাথারকান্দির ওএনজিসি কলোনি অবস্থিত ওয়ান্ডার কিডজ প্লে স্কুলের নিজস্ব ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে একই দিন বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার, ট্রফি এবং অংশগ্রহণকারী সকলের মধ্যে শংসাপত্র বিতরণ করা হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়েছে। আয়োজকদের আশা, এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি যোগচর্চার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব সম্পর্কেও সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে। পীযুষ কুমার দেব অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, যেসব শিশু ও কিশোর-কিশোরীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী, তারা যেন দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করে। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক যোগ দিবসের এই আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলবে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন উদ্যোগ গ্রহণের পথ সুগম করবে।



