পাটনায় অবতরণের সময়ে ফের বিপত্তির মুখে এয়ার ইন্ডিয়া, বিমানে পাখির ধাক্কা

Spread the news

২৪ আগস্ট : অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল দিল্লি থেকে পাটনাগামী এয়ার ইন্ডিয়ার উড়ান। সোমবার সকালে অবতরণের সময়ে পাখির ধাক্কায় বিপত্তি AI 1741-এ। উড়ানে ছিলেন ১৬৪ জন যাত্রী। পাইলটের সতর্কবার্তার পরে বিমানবন্দরে জরুরি প্রোটোকল চালু করা হয়। তবে পাইলটের তৎপরতায় বিমানটি নিরাপদে অবতরণ করে। ঘটনায় কোনও যাত্রী আহত হননি।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৭টা ৪৩-৪৪ মিনিটে এয়ার ইন্ডিয়ার উড়ানটি পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ে বিমানের পাইলট ডান দিকের ইঞ্জিন বা টারবাইনে পাখির সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা প্রকাশ করেন।

সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি অবতরণ প্রোটোকল চালু করে। দমকল ও অন্যান্য জরুরি পরিষেবার কর্মীদেরও প্রস্তুত রাখা হয়। এর পরে বিমানটি কোনও সমস্যা ছাড়াই রানওয়েতে অবতরণ করে।

বিমান অবতরণের পরে সেটি ভালো ভাবে পরীক্ষা করেন সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। পরিদর্শনে পাখির সঙ্গে বিমানের ধাক্কার বিষয়টি নিশ্চিত হলেও ইঞ্জিনে কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরে বিমানটিকে ফের পরিষেবায় ব্যবহারের অনুমতিও দেওয়া হয়।

ঘটনার পরে রানওয়েও খতিয়ে দেখা হয়। তবে এই ঘটনার জেরে পাটনা বিমানবন্দরের বিমান পরিষেবায় বড় কোনও বিঘ্ন ঘটেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। সমস্ত যাত্রী নিরাপদে বিমান থেকে নেমেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *