বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : মিজোরামের তুইপুই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন ৬০ বছর বয়সী বিয়াকিনথাঙ্গা এবং তাঁর ১২ বছরের ছেলে লালজাউমপুইয়া। জানা গেছে, মঙ্গলবার রাতে বিয়াকিনথাঙ্গা তাঁর দুই ছেলেকে সঙ্গে নিয়ে তুইপুই নদীতে মাছ ধরতে যান এবং নদীর তীরে রাত কাটান। বুধবার সকালে মাছ ধরার সময় তাঁর ১২ বছরের ছেলে লালজাউমপুইয়া নদীর জলে পড়ে যায়। ছেলেকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বিয়াকিনথাঙ্গাও জলে পড়ে যান বলে জানা গেছে। তাঁদের সঙ্গে থাকা ১০ বছরের ছোট ছেলে নদীর তীরে অবস্থান করছিল। সে কান্নাকাটি করতে থাকলে প্রতিবেশী লুংপুইতলাং গ্রামের কয়েকজন বাসিন্দা বিষয়টি দেখতে পান এবং ঘটনাটি জানাজানি হয়। ঘটনার পর তুইপুই নদীতে জলস্তর বেশি থাকায় নিখোঁজ বাবা ও ছেলেকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি অভিযান শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়াকিনথাঙ্গার পরিবার আর্থিকভাবে বেশ অসচ্ছল। তুইপুই নদীতে মাছ ধরাই তাঁদের পরিবারের অন্যতম প্রধান জীবিকার মাধ্যম।




