ওভারব্রিজ নির্মাণস্থলে বেহাল বিকল্প পথ, চান্নিঘাটে আটকে পড়ল শতাধিক লরি

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : উন্নয়নের কাজ চললেও তার জেরে চরম দুর্ভোগে পড়েছেন শিলচর-আইজল জাতীয় সড়ক ব্যবহারকারীরা। চান্নিঘাট এলাকায় ভারতমালা প্রকল্পের অধীনে ওভারব্রিজ নির্মাণের কাজ চলায় যানবাহনের জন্য তৈরি বিকল্প রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হওয়ায় ভারী পণ্যবাহী লরি আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শনিবার রাতে নির্মাণস্থলের কাছে একটি পণ্যবাহী লরি কাদায় আটকে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দুই দিকেই লরির দীর্ঘ সারি দেখা যায়। মিজোরামগামী পণ্যবাহী লরির পাশাপাশি নিত্যযাত্রী, স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য যানবাহনের চালকরাও সমস্যায় পড়েন।

শুধু বৃষ্টির সময় নয়, শুকনো আবহাওয়াতেও দুর্ভোগ কমছে না। স্থানীয়দের দাবি, তখন বিকল্প রাস্তা ধুলোর আস্তরণে ঢেকে যায়। নিয়মিত জল ছিটানোর ব্যবস্থাও অনেক সময় দেখা যায় না বলে অভিযোগ। ফলে ভারী যান চলাচলের সময় ধুলোর প্রকোপ আরও বাড়ছে।

চান্নিঘাটের পাশাপাশি ধলাই বিএনএমপি স্কুল পয়েন্টেও নির্মাণকাজ ঘিরে একই ধরনের সমস্যার অভিযোগ উঠেছে। স্কুলপড়ুয়া, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ধুলো, কাদা এবং অসমতল রাস্তার মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্কুলের সামনে ভারি যান চলাচলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।

স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করছেন না। তবে নির্মাণকাজ চলাকালীন নিরাপদ ও স্বাভাবিক যান চলাচলের জন্য কার্যকর বিকল্প রাস্তা, জলনিকাশ ব্যবস্থা, নিয়মিত জল ছিটানো এবং যান নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
ভারতমালা প্রকল্পের অধীনে NH-306-এর শিলচর–ভাইরেংটি করিডরের উন্নয়ন উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে নির্মাণকাজের সময় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক—এটাই এখন স্থানীয়দের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *