লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার ঐতিহাসিক সাফল্য, এসিএ-র স্থায়ী সদস্যপদ লাভ

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৮ মে : লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার জন্য সোমবারটি এক ঐতিহাসিক ও গৌরবের দিন হিসেবে চিহ্নিত হয়ে রইল। দীর্ঘ ২৫ বছরের নিরলস প্রচেষ্টা, সংগ্রাম ও ক্রীড়া উন্নয়নের প্রতি ধারাবাহিক নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) ভোটাধিকারসহ স্থায়ী সদস্যপদ অর্জন করেছে।

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের মুখ্য কার্যালয়ে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা এবং সাধারণ সম্পাদক দেবব্রত পাল অনুমোদনপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তরঙ্গ গগৈ, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)-এর মহাসচিব দেবজিত শইকিয়া সহ ক্রীড়া জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতিতে এই স্বীকৃতি লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার পথচলায় নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করা হচ্ছে।

এই ঐতিহাসিক সাফল্য প্রসঙ্গে রাজদীপ গোয়ালা বলেন, “এই অর্জন শুধু একটি সংস্থার সাফল্য নয়, বরং সমগ্র অঞ্চলের ক্রীড়াপ্রেমী মানুষ, খেলোয়াড়, সংগঠক এবং শুভানুধ্যায়ীদের দীর্ঘদিনের স্বপ্নপূরণের বাস্তব প্রতিফলন।” তিনি আরও জানান, এই সাফল্যের পেছনে যাঁদের অক্লান্ত পরিশ্রম, সহযোগিতা ও দিকনির্দেশনা রয়েছে, তাঁদের প্রত্যেকের প্রতি সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।

বিশেষভাবে তিনি বিসিসিআইয়ের মহাসচিব দেবজিত শইকিয়া, এসিএ সভাপতি তরঙ্গ গগৈ সহ অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান। তাঁদের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ক্রীড়ামহলের মতে, লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার এই সাফল্য আগামী দিনে শুধু লক্ষীপুর নয়, সমগ্র বরাক উপত্যকার ক্রীড়া পরিকাঠামো ও ক্রিকেট আন্দোলনকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলবে। এই অর্জন বরাক উপত্যকার ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *