সুস্থ জীবন যাপনে যোগ অনুশীলন জরুরি, নবপ্রজন্মকে বার্তা কর্মশালায়

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : কাটিগড়ার কাতিরাইল যোগ ব্যায়াম সেন্টার ফাউন্ডেশনের বছর ব্যাপী যোগ কর্মসূচি শুরু হয়েছে রবিবার। দেবী পক্ষের প্রথম দিনই বিহারা সরস্বতী বিদ্যা নিকেতনে “ধ্যান সে জ্ঞান” কর্মশালার আয়োজন করে ফাউন্ডেশন। পরিচালনায় ছিল ফাউন্ডেশনের যৌগিক ও হলিস্টিক এডুকেশন ইউনিট “ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস। স্কুলের বিভিন্ন ক্লাসের ৭০ জন পড়ুয়া অংশ নেয় এতে। প্রদীপ প্রজ্বলন ও জগতের মঙ্গল কামনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মুখ্য অতিথি ছিলেন প্রবীণ যোগবিদ তথা অবসরপ্রাপ্ত শিক্ষক কুলমণি মিশ্র, বিশিষ্ট অতিথি ছিলেন শিক্ষক ও সমাজকর্মী রাধাকান্ত  শুক্লবদ্য। তাঁরা যোগ শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কুলমণি মিশ্র  কাতিরাইল যোগ ব্যায়াম সেন্টার-এর প্রতিষ্ঠাতা প্রয়াত যোগগুরু রাধেশ চন্দ্র চক্রবর্তীর সঙ্গে তাঁর কাটানো দিন, যোগ অনুশীলন এ সব নিয়ে স্মৃতিমন্থন করেন। আবেগপ্রবণ হতেও  দেখা যায় তাঁকে। সুস্থ-সুন্দর জীবন যাপন ও মনোসংযোগের জন্য দিনলিপিতে যোগ’কে সঙ্গী করতেই হবে, নবপ্রজন্মকে বার্তা দেন কুলমণি।

বিহারা সরস্বতী বিদ্যা নিকেতনে কেওয়াইবিসি ফাউন্ডেশন-ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চের অনুষ্ঠান

বিদ্যানিকেতনের প্রধান আচার্য  বনমালী শুক্লবদ্যর কথায়,  ছাত্রছাত্রীরা কর্মসূচিতে  অংশ নিয়ে লাভবান হয়েছে।  যোগ প্রক্রিয়াকে যে কত সহজ ও মনোগ্রাহী করে বিভিন্ন বয়সর পড়ুয়ার কাছে পৌঁছে দেওয়া যায়, তা এই  কর্মশালায় বুঝিয়ে দিয়েছেন রিসোর্স পার্সনরা। যোগাচার্য রাহুল, যোগ মাস্টার শতাক্ষী ভট্টাচার্য, ইনস্টিটিউট ফর যোগ এডুকেশনের মুখ্য সংযোজক নিরোজিৎ দাস বিভিন্ন ভাগে পড়ুয়াদের প্রশিক্ষণ দেন।  বিদ্যানিকেতনের  অপর্ণা শুক্লবদ্য, মৌসুমী দে, কল্পিতা দাস, মনোজ সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে  ফাউন্ডেশনের তরফে প্রধান আচার্য সহ অতিথিদের সম্মান জানানো হয়। যোগ শিক্ষা প্রোমোশনে এগিয়ে আসার জন্য স্মারক তুলে দেওয়া হয় স্কুলকেও।  প্রশিক্ষণার্থীদের হাতে শ‌ংসাপত্র তুলে দেন অতিথি সহ আয়োজকরা। প্রসঙ্গত, কাতিরাইল যোগব্যায়াম সেন্টারের ৩৮তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বছর ব্যাপী  কর্মসূচি ঘোষণা করেছে ফাউন্ডেশন। বিহারার সরস্বতী বিদ্যানিকেতনে ছিল প্রথম অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *