দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : সামাজিক অবক্ষয় রোধে সরকার, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠন ‘আমরা সবাই’। বৃহস্পতিবার শিলচরের পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নারী ও যুবসমাজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কঠোর নজরদারির দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি গৌরী দত্ত বিশ্বাস জানান, গত ৬ জুলাই কয়েকজন সচেতন নাগরিকের উদ্যোগে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সমাজে বিভিন্ন ধরনের অন্যায়, অনৈতিক কার্যকলাপ ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনমত গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। তিনি জানান, এ বিষয়ে ইতিমধ্যেই কাছাড়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তাঁর দাবি, নারীদের ওপর নির্যাতন বৃদ্ধি এবং যুবসমাজের মধ্যে অস্থিরতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক বনানী রায় চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে একটি হোটেল, একটি স্পা এবং সেকেন্ড লিঙ্ক রোডে ঘটে যাওয়া ঘটনাগুলি সমাজে উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট করে জানান, সংগঠন স্পা সংস্কৃতির বিরোধী নয়, তবে এসব প্রতিষ্ঠানে কঠোর নিয়ম-কানুন ও কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে জনপ্রতিনিধি ও মন্ত্রীদের সক্রিয় ভূমিকা নেওয়ারও আহ্বান জানান তিনি।
সহ-সভাপতি চন্দ্রিমা দত্ত বলেন, শিলচরের মতো শহরে ইউনিসেক্স স্পা, পার্লার ও জিম পরিচালনার নীতিমালা পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময় নির্ধারণ, রাত ৯টার পর এসব প্রতিষ্ঠান বন্ধ রাখা, ট্রেড লাইসেন্স ও নিবন্ধনপত্র কঠোরভাবে যাচাই, পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি, ছাত্রাবাসগুলিতে নজরদারি জোরদার, মদের দোকানের লাইসেন্স পর্যালোচনা এবং মাদকবিরোধী অভিযান আরও শক্তিশালী করার দাবি জানান।
এছাড়া মহাসড়ক এলাকার ডাঃ জেপি দাস ও পারিজাত হোটেল-সংক্রান্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও তোলেন তিনি। অভিযুক্তদের বারবার জামিনে মুক্তি এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় প্রকাশ না হওয়ায় প্রশাসনের জবাবদিহিও দাবি করেন।
সংগঠনের উপদেষ্টা ধ্রুবকুমার সাহা বলেন, সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তাই বিভিন্ন স্তরে সচেতনতামূলক কর্মসূচি আরও বিস্তৃত করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। সাংবাদিক সম্মেলনে অধ্যাপক অজয় রায়, উপদেষ্টা অঞ্জু এন্দো, হরিদাস দত্তসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। প্রবীণ সমাজকর্মী হরিদাস দত্ত যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে অভিভাবক ও প্রবীণদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।



