রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুন : অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিলের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর শিলচর শহর ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদের পাশাপাশি মেহেরপুর আলিটিকর জামে মসজিদেও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এদিন মুসল্লিরা কালো ব্যাজ ধারণ করে নিজেদের উদ্বেগ ও মতামত প্রকাশ করেন। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিবাহ, তালাক, উত্তরাধিকার এবং পারিবারিক জীবনের মতো বিষয়গুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের আগে ধর্মীয় সংগঠন, আলেম-উলামা, সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ মানুষের সঙ্গে আরও বিস্তৃত আলোচনা ও মতবিনিময় হওয়া প্রয়োজন ছিল বলে তারা মত প্রকাশ করেন।

প্রতিবাদকারীদের বক্তব্য অনুযায়ী, ইউসিসি বিলের কিছু প্রস্তাবিত বিধান ধর্মীয় রীতি-নীতি ও ব্যক্তিগত আইনের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে উদ্বেগ ও বিতর্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা সরকারের কাছে জনগণের মতামত, ধর্মীয় অনুভূতি এবং সাংবিধানিক অধিকারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
মেহেরপুর আলিটিকর জামে মসজিদ কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, এই কর্মসূচি কোনো ব্যক্তি, ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়; বরং ধর্মীয় ও সাংবিধানিক অধিকার সম্পর্কিত উদ্বেগের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রকাশ। একই সঙ্গে ইউসিসি বিল নিয়ে পুনরায় আলোচনা, সর্বস্তরের মানুষের মতামত গ্রহণ এবং বিদ্যমান ব্যক্তিগত আইন বহাল রাখার দাবিও জানানো হয়।



