২৩ এপ্রিল: রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ এখনও পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ হলেও, ভোট দিতে গিয়ে দুই ভোটারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪১ শতাংশ।
পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভার দিঘা বুথে ভোট দিয়ে বেরোনোর পরেই মৃত্যু হয় এক মহিলা ভোটারের। মৃতার নাম ইসরাতন বিবি (প্রায় ৫০), তিনি কেশপুরের সীমাগেরিয়া এলাকার বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে যান। ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, তাঁর স্বামী শেখ নবাবজান আলির নাম ভোটার তালিকা (SIR) থেকে বাদ পড়েছিল। পরিবারের আরও সদস্যদের নামও তালিকায় না থাকায় তিনি মানসিকভাবে চাপে ছিলেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃতার পরিবারে রয়েছেন স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে।
ঘটনার খবর পেয়ে ওই এলাকার তৃণমূল প্রার্থী শিউলি সাহা মৃতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। তিনি বলেন, “এটা গণতন্ত্রের জন্য লজ্জার। ভোটের দিন এমন ঘটনা সত্যিই দুঃখজনক। পরিবারের কারও নাম তালিকায় না থাকায় তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন।”
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বামনবাড় জুনিয়র হাইস্কুলের ২৩৪ নম্বর বুথেও এক ভোটারের মৃত্যুর খবর মিলেছে। মৃত নৃপেন্দ্রনাথ দাস (৫৮) গরমে অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। পরে তাঁর মৃত্যু হয়। ভোটের দিনেই এই দুই মৃত্যুর ঘটনায় প্রশাসনের ভূমিকা ও ভোটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।



