শ্রীভূমি কাণ্ড : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশের অভিযান, গ্রেফতার আরও ৪

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : শ্রীভূমি জেলায় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিতে আসা বিহু দলের শিল্পীদের উপর হামলার ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অভিযুক্তদের ধরতে তৎপর হয় পুলিশ। ধৃতরা হলেন সুমিত কুমার দাস, অর্ণব কুমার রায়, প্রিয়াংশু পাল ও প্রিয়াংশু দাস।

উল্লেখ্য, শ্রীভূমিতে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বিহু পরিবেশন করতে আসা একটি দলের শিল্পীদের উপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় বেশ কয়েকজন শিল্পী আহত হন। ইতিমধ্যে এই ঘটনায় হিন্দুস্তান ক্লাবের ১৩ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য আমন্ত্রণ জানিয়ে বিহু দলটিকে নিয়ে আসা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন দলের সদস্যদের সঙ্গে কয়েকজনের বচসা বাধে। অভিযোগ, বচসার জেরেই পরবর্তী সময়ে বিহু দলের শিল্পীদের মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ আহত শিল্পীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে অসমিয়া ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে কোনও ধরনের বিভেদ বা অবিশ্বাসের পরিবেশ তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার বড়গুল ও আদরকুনা গ্রামে পৌঁছান জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি আক্রান্ত বিহু দলের শিল্পীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন। পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী।
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উপরও গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *