বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : সোনাই পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নজরুল সরণিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিট নাগাদ তাহির আহমদ লস্কর ও তাঁর ছোট ভাই বছে লস্করের বাড়িতে আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে আশপাশের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও দুইটি ঘর রক্ষা করা সম্ভব হয়নি। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তৎপরতায় বাড়ির অন্য দুইটি ঘর আগুনের হাত থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে তাহির আহমদ লস্কর ও বছে লস্করের ঘরে থাকা সমস্ত আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। পাশাপাশি একটি স্কুটিও সম্পূর্ণভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় দুই পরিবারই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে দুই পরিবারকে দুই বান টিন দিয়ে সহায়তা করা হয়েছে। পাশাপাশি সোনাই সার্কল অফিসারের কাছে ক্ষয়ক্ষতির যথাযথ তদন্ত করে সরকারি সাহায্য প্রদানের জন্য আবেদন জানানো হয়েছে।




