দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে খুন কানাডায়, নেপথ্যে গ্যাং ওয়ার?

Spread the news

২২ নভেম্বর : কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে শহরে একটি ওয়ালমার্ট স্টোরের বাইরে চলল এলোপাথাড়ি গুলিতে দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত হয়েছেন। নিহতদের নাম গগনপ্রীত ওরফে গ্যারি রেহাল (২৩) এবং সুখজিৎ কৌর (২৪)। গত ১৫ নভেম্বর রাতের এই ঘটনায় পুলিশের অনুমান, পরিকল্পিত ভাবেই তাঁদের হত্যা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে সংগঠিত অপরাধচক্রের সরাসরি যোগসূত্র রয়েছে।

সংবাদমাধ্যম সিবিসি নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, গুলিতে জখম হওয়ার পরে গগনপ্রীত এবং সুখজিৎকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম। তদন্তকারীদের খবর, দু’জনেই ডেল্টা শহরের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানিয়েছে, ওয়ালমার্ট স্টোরের বাইরে গুলি চলার কিছু ক্ষণ পরেই রাত পৌনে ১১টা নাগাদ ঘটনাস্থলের কাছে একটি গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পায় পুলিশ। তদন্তকারী দলের এক পুলিশকর্তা ফ্রেডা ফং জানান, পুড়ে যাওয়া গাড়িটির সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি যোগ রয়েছে। তাঁদের অনুমান, এই গাড়িটি করেই ঘটনাস্থলে এসেছিল হামলাকারীরা। পরে প্রমাণ লোপাট করতে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ জানতে পেরেছে, গগনপ্রীতকে আগে থেকেই চিনতেন তদন্তকারীদের একাংশ। তাঁর অতীত অপরাধের রেকর্ড রয়েছে। অন্য দিকে, নিহত তরুণী সুখজিতের পরিচিতি তুলনায় কম। কোনও গ্যাংয়ের সঙ্গে শত্রুতার জেরেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *