শিলচরের বেহাল রাস্তা, অসমাপ্ত নালা ও খাল দখল নিয়ে সরব প্রাক্তন পুর কমিশনার সাধন পুরকায়স্থ

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : শিলচর শহরের বেহাল রাস্তা, বছরের পর বছর ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা নিকাশি নালা এবং খাল দখলের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শিলচর পুরসভার প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ। নিউ শিলচর-সহ শহরের বিস্তীর্ণ এলাকার নাগরিক পরিষেবার বেহাল দশা নিয়ে সরব হয়ে সংশ্লিষ্ট সরকারি বিভাগ, ঠিকাদার এবং জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।

সাধন পুরকায়স্থের অভিযোগ, নিউ শিলচরের বিভিন্ন এলাকায় রাস্তা ও নালা নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে মোটরসাইকেল আরোহী ও পথচারীদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শ্রীপল্লি এলাকার লিংক রোডে নালা নির্মাণের কাজ গত দুই-তিন বছর ধরে চললেও এখনও তা সম্পূর্ণ হয়নি। এক নম্বর গলি থেকে তিন নম্বর গলি এবং সেখান থেকে শেষ প্রান্ত পর্যন্ত দুই ঠিকাদারকে কাজের দায়িত্ব দেওয়া হলেও কাজে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। সম্প্রতি এক নম্বর গলির মুখে নালা খুঁড়ে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখায় স্থানীয় বাসিন্দা, স্কুল ও কলেজের পড়ুয়াদের চলাচলে চরম সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি পিডব্লিউডি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হলেও কাজের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এদিকে সিঙ্গিরখাল ও লঙ্গাইখালের সংস্কারকাজ নিয়েও অনিয়ম ও বিভ্রান্তির অভিযোগ তুলেছেন প্রাক্তন কমিশনার। তাঁর বক্তব্য, ইন্দ্রপ্রস্থ হোটেলের দিক থেকে আসা সিঙ্গিরখাল রাঙিরখালে গিয়ে মিশেছে। অথচ পিডব্লিউডি রোড ডিভিশনের অধীনে প্রায় ২ কোটি ৯৯ লক্ষ টাকার প্রকল্পের সরকারি ফলকে সিঙ্গিরখালের পরিবর্তে লঙ্গাইখালের নাম উল্লেখ করা হয়েছে। ফলে প্রকৃতপক্ষে কোন খালের কাজ হচ্ছে এবং বরাদ্দ অর্থ কোন খাতে ব্যয় করা হচ্ছে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। লঙ্গাইখালের কাজের ক্ষেত্রেও প্রকল্পের ব্যয়, কাজের পরিধি এবং ঠিকাদারের নাম উল্লেখ করে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানিয়েছেন তিনি।

লঙ্গাইখালের অবৈধ দখলদারি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন সাধন পুরকায়স্থ। তাঁর অভিযোগ, একসময় প্রায় ২৫ ফুট প্রশস্ত এই খাল প্রভাবশালীদের দখলে ক্রমশ সংকুচিত হয়ে কোথাও কোথাও মাত্র ১০ ফুটে এসে দাঁড়িয়েছে। পাশাপাশি সরকারি অর্থে নির্মিত কালভার্টগুলির প্রস্থ প্রয়োজনের তুলনায় কম হওয়ায় জল নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এর ফলে বর্ষাকালে সোনাই রোড ও লিংক রোড এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। খাল সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জলসম্পদ বিভাগ, নাকি পিডব্লিউডির—তা নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্টীকরণ দাবি করেছেন তিনি।

এছাড়া ২০২৪ সালে রবীন্দ্র সরণির সার্বজনীন শনি মন্দিরের পূর্ব ও পশ্চিম দিকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলক স্থাপন করা হলেও সংশ্লিষ্ট কাজ এখনও অসম্পূর্ণ বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, কাজ ফেলে রাখা কিংবা অনিয়মের অভিযোগ ওঠা ঠিকাদারদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সাময়িক বরখাস্তের পরও তাঁরা পুনরায় কাজে ফিরে আসছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী কর্তৃক শিলান্যাস করা ফ্লাইওভার প্রকল্পের নকশা পরিবর্তন ও পুনর্বিবেচনার কারণও জনসমক্ষে প্রকাশ করার দাবি জানান তিনি।

জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে সাধন পুরকায়স্থ বলেন, ঠিকাদারদের গাফিলতি কিংবা কমিশন সংক্রান্ত অভিযোগের দায় যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে। শিলচর পুরসভা পুরনিগমে উন্নীত হলেও শুধুমাত্র প্রশাসনিক পরিচয়ের পরিবর্তনে শহরের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

শহরের নাগরিক দুর্ভোগ লাঘবে অবিলম্বে খাল দখলমুক্ত করা, অসমাপ্ত নালা নির্মাণের কাজ সম্পন্ন করা, ভাঙাচোরা রাস্তা সংস্কার এবং স্থায়ী জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে জোরালো আবেদন জানিয়েছেন তিনি। এদিনের আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবদ্বীপ দাস, বিপুল গুপ্ত, প্রবীর রায় চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *