বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিজেপির দুই প্রার্থী। ৯ নম্বর ওয়ার্ডে বিজেন্দ্রপ্রসাদ সিং ওরফে বাদসা এবং ২০ নম্বর ওয়ার্ডে ভক্তি সেন তালুকদার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী অমলেন্দু দে এবং এসইউসিআই প্রার্থী আপনলাল দাস মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিজেপি প্রার্থী বিজেন্দ্র প্রসাদ সিংয়ের বিরুদ্ধে আর কোনও প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁর জয়ের খবর ছড়িয়ে পড়ার পর দলীয় কর্মী-সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁর বাসভবনের সামনে আনন্দ উদযাপন করেন।
অন্যদিকে, ২০ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী রুপালি দাস মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপি প্রার্থী ভক্তি সেন তালুকদারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পুর নিগম নির্বাচনের আগেই দুই বিজেপি প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।



