পাথারকান্দিতে CMAAA-র আর্থিক সহায়তা বিতরণ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান (CMAAA)-এর আওতায় বৃহস্পতিবার পাথারকান্দিতে ৭৫২ জন সুবিধাভোগীর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের হাতিখিরা নাচঘরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা ও পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।
CMAAA 1.0-এর আওতায় ৮৯ জনকে এক লক্ষ টাকা করে এবং CMAAA 2.0-এর আওতায় ৬৬৩ জনকে ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, দুই পর্যায়ে মোট ২ কোটি ৫৪ লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পরে গুয়াহাটির জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা ক্ষেত্র থেকে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি সম্প্রচারিত কেন্দ্রীয় অনুষ্ঠান দেখানো হয়। পাথারকান্দির সম-জেলা আয়ুক্ত ত্রিদিব রায় স্বাগত বক্তব্যে সুবিধাভোগীদের সরকারি অর্থ নির্দিষ্ট কাজে ব্যবহার করে ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান।

সুবিধাভোগীদের মধ্যে ফাকুয়া গ্রামের আলোরানী নাথ CMAAA-র সহায়তায় গরুর খামার ও সুপারি ব্যবসা শুরু করার কথা জানান। তাঁর উদ্যোগে পাঁচজন মহিলার কর্মসংস্থান হয়েছে বলেও তিনি জানান। নালিবাড়ির শিউলি সিনহা সরকারি সহায়তায় মণিপুরি সমাজের ঐতিহ্যবাহী কাপড় বোনার ব্যবসা শুরু করেছেন।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল যুবসমাজকে সরকারি চাকরির পাশাপাশি নিজেদের দক্ষতা ও স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে স্বনির্ভর উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান। তিনি শনবিলের জল ও মৎস্যসম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে ত্রিপুরা, মিজোরাম ও নাগাল্যান্ডে মাছ সরবরাহের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রতীকী চেক তুলে দেওয়া হয় কয়েকজন সুবিধাভোগীর হাতে। উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি অনিল কুমার ত্রিপাঠি, সহকারী কমিশনার সীমান্ত বিশ্বাস, পাথারকান্দি সার্কেল অফিসার অদিতি নুনিসা-সহ প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক সুবিধাভোগী।
উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে CMAAA 1.0 ও 2.0-এর আওতায় ৮২,২১৯ জন তরুণ উদ্যোক্তাকে ২৭৮ কোটিরও বেশি টাকা আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।



